জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পর্যটনকে প্রাণ দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হারমনি ফেস্টিভ্যাল (সিজন–২) আয়োজন করা হলেও এবার উৎসবটি স্থগিত করা হয়েছে।
অনিবার্য কারণ দেখিয়ে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হারমোনি ফেস্টিভ্যাল সিজন–২ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, পর্যটন শিল্পের বিকাশে এবং পর্যটক আকৃষ্ট করতে শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় বারের মতো হারমোনি ফেস্টিভ্যালের উদ্যোগ নেওয়া হয়েছে।
গত বছর সফলভাবে ফেস্টিভ্যালের প্রথম আসর অনুষ্ঠিত হলেও চলতি বছর অনিবার্য কারণে দ্বিতীয় আসর স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮-২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিতব্য ‘হারমোনি ফেস্টিভ্যাল’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। উৎসবটির পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য পাহাড়, অরণ্য, হাওর ও সবুজ চা-বাগানে ঘেরা পর্যটন জেলা মৌলভীবাজার। আর চায়ের রাজ্য শ্রীমঙ্গল উপজেলা পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে সমাদৃত। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটক উপস্থিতি কমে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছিলেন। সেই মন্দাভাব কাটাতেই সরকারের এই হারমনি ফেস্টিভ্যাল উদ্যোগ নেয়া হয়েছিল।













