জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে ঘিরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের একটি বক্তব্য নিয়ে সৃষ্ট আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সকালে রাজধানীতে আইএফইএস (IFES) আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে যে বক্তব্য দেন, তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচারিত হয়েছে, তা কমিশনের নজরে এসেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। ঘটনার পরদিন ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা আয়োজন করে। ওই সভায় প্রধান নির্বাচন কমিশনার হামলায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
নির্বাচন কমিশন শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের সহিংস ঘটনা যেন না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ইসি আরও জানায়, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল— শরীফ ওসমান হাদির ওপর সংঘটিত সন্ত্রাসী হামলা আসন্ন জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না— এই বিষয়টি স্পষ্ট করা। একই সঙ্গে নির্বাচন কমিশন হাদির দ্রুত আরোগ্য কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
নির্বাচন কমিশনের মতে, এ ব্যাখ্যার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য নিয়ে সৃষ্ট যেকোনো ভুল বোঝাবুঝির অবসান হবে।

