• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ ৯:০৬

965887582

ডিএসইর প্রথম নারী এমডি নুজহাত আনোয়ার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন নুজহাত আনোয়ার। ডিএসইর ইতিহাসে এটি প্রথমবার, যখন কোনো নারী এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেবেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইর নতুন এমডি হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগ অনুমোদন করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিক বাজার, ব্যাংকিং এবং উন্নয়ন অর্থায়ন খাতে নুজহাত আনোয়ারের দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনে (আইএফসি) কর্মরত ছিলেন। সেখানে তিনি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন।

আইএফসিতে তার দায়িত্বের মধ্যে ছিল লাইবেরিয়া ও সিয়েরা লিওনের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশ, ভুটান ও নেপাল কাভার করা সিনিয়র কান্ট্রি অফিসার এবং কোভিড-১৯ মহামারি ও পরবর্তী রূপান্তরকালীন সময়ে ভারপ্রাপ্ত ক্লাস্টার ম্যানেজারের দায়িত্ব। এছাড়া, বতসোয়ানা ও নামিবিয়ায় আইএফসির কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন নুজহাত আনোয়ার। গ্যাবোরোনে আইএফসির কার্যক্রম প্রতিষ্ঠা এবং টেকসই বিনিয়োগ কর্মসূচি সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বতসোয়ানায় আইএফসির প্রথম বিনিয়োগ বাস্তবায়নেও তার অবদান রয়েছে।

নুজহাত আনোয়ারের বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে ক্যাপিটাল ব্যবস্থাপনা, ট্রেজারি ও তারল্য ব্যবস্থাপনা, লেনদেন সেবা, পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়ন। কর্মজীবনের শুরুতে তিনি সিটিব্যাংক বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে টানা ১৬ বছর বিভিন্ন জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ডিএসইর চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, নতুন এমডি হিসেবে নুজহাত আনোয়ারের নিয়োগে বিএসইসির অনুমোদন পাওয়ায় তারা সন্তুষ্ট। গত এক বছরে নিয়োগসংক্রান্ত কমিটি ও পরিচালনা পর্ষদ একজন দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে নিরলসভাবে কাজ করেছে। তিনি বলেন, দেশের এবং বিদেশে আর্থিক খাতে নুজহাত আনোয়ারের অভিজ্ঞতা এবং পুঁজিবাজার রূপান্তরে তার আগ্রহ ডিএসইকে ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক হবে। দ্রুততম সময়ে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

নুজহাত আনোয়ারের নিয়োগ ডিএসইর জন্য নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি দেশের পুঁজিবাজারে নারী নেতৃত্বের গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হিসেবে বিবেচিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com