জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে মিত্র রাজনৈতিক দলের সঙ্গে আসন বণ্টন চূড়ান্ত করতে শুক্রবার সিদ্ধান্ত নেবে বিএনপি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত ১০০ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মেজর হাফিজ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে অংশ নেওয়া মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ২৬৬টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি ৩৬টি আসনের বিষয়ে শুক্রবার বা পরশুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনআকাঙ্ক্ষা পূরণে নির্বাচনী কৌশল ও প্রার্থীদের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
মেজর হাফিজ দাবি করেন, ধর্মভিত্তিক একটি দলসহ বিভিন্ন মহল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব কুৎসা রটনার মোকাবিলায় প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী দলকে খাটো করে দেখার কোনো কৌশল নেওয়া হয়নি। বরং নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রার্থীদের জন্য একটি তাত্ত্বিক কাঠামো তুলে ধরা হয়েছে।
তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা প্রার্থীদের জানানো হয়েছে। এছাড়া প্রচারণায় ভিজ্যুয়াল ও নন-ভিজ্যুয়াল মিডিয়া কনটেন্ট ব্যবহার করার কৌশলও শেখানো হয়েছে।
মেজর হাফিজ বলেন, দলের মিডিয়া সেল চার থেকে পাঁচ মিনিটের ভিডিও রিল তৈরি করেছে। এসব কনটেন্ট ব্যবহার করে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য নির্বাচনী প্রচারণা ইতিবাচক রাখা এবং দলের বিরুদ্ধে অপপ্রচারের যথাযথ জবাব দেওয়া’। এছাড়া একটি নির্বাচনী টিম এমন কনটেন্ট প্রচার করছে, যাতে সাধারণ মানুষ—বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, কৃষক ও শ্রমিকেরা সহজেই বিএনপির নীতিমালা বুঝতে পারে। ভিডিওর মাধ্যমে এসব বিষয় তুলে ধরা হচ্ছে।
মেজর হাফিজ বলেন, এসব নির্দেশনার মাধ্যমে প্রার্থীরা একই বার্তা তুলে ধরতে পারবেন এবং দলের ঐক্য আরও সুদৃঢ় হবে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি জনগণের ভোটে চারবার ক্ষমতায় এসেছে। সেই অভিজ্ঞতার ওপর ভর করে দলটি আত্মবিশ্বাসী যে জনগণ আবারও বিএনপিকেই বেছে নেবে।













