• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদি হত্যাকাণ্ড: রহমাতুল্লাহ

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৬
আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৬

তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে হাদি হত্যাকাণ্ড: রহমাতুল্লাহ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের দেশপ্রেমিক ওসমান বিন হাদীকে পরিকল্পিতভাবে হত্যার মূল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে নিরুৎসাহিত করা এবং সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়া। তিনি দাবি করেন, দেশি ও বিদেশি একাধিক চক্র দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যাতে তারেক রহমান দেশে ফিরতে না পারেন।

শনিবার (২০ ডিসেম্বর) বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফল করতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, “হাদীকে হত্যার মাধ্যমে দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করেই প্রতিবন্ধকতা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানো ছিল এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য। তবে সব ষড়যন্ত্র ব্যর্থ করে আগামী ২৫ তারিখ কোটি জনতা প্রিয় নেতাকে বরণ করে নেবে। সেই বরণই হবে চূড়ান্ত বিজয়ের প্রথম ধাপ।”

তিনি আরও বলেন, তারেক রহমান আজ দেশের মানুষের কাছে আশার প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তার হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ। রাষ্ট্র গঠনে জনগণ আবারও দেশপ্রেমিক ও সাহসী নেতৃত্বকেই নির্বাচিত করতে চায়।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব বাধা উপেক্ষা করে তারেক রহমান জনগণের সামনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই প্রত্যাবর্তনের সিদ্ধান্তে ষড়যন্ত্রকারীরা এখন দিশেহারা।

মতবিনিময় সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।