• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আর্থিক সহায়তা নয়, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ভাই ওমর

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৮
আপডেট: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:৪৮

আর্থিক সহায়তা নয়, হাদির অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ভাই ওমর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ হয়ে শহিদ বিপ্লবী আন্দোলনের অগ্রদূত ওসমান হাদির অসমাপ্ত সংগ্রাম শেষ করার আহ্বান জানিয়েছেন তার মেজো ভাই ওমর বিন হাদি। তিনি স্পষ্ট করে বলেন, পরিবার কোনো আর্থিক সহায়তা বা অনুদান চায় না; তাদের একমাত্র দাবি, ওসমান যে আদর্শ ও বিপ্লবী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, তা বাস্তবায়ন করা হোক।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে মগবাজারে জামায়াতে ইসলামীর আয়োজিত দোয়া মাহফিলে এ কথা বলেন ওমর বিন হাদি। তিনি বলেন, ‘ওসমান যে বিপ্লবের স্বপ্ন দেখেছিল, সেই অসমাপ্ত বিপ্লবকে সমাপ্ত করাই আমাদের দাবি।’

ওমর বিন হাদি বলেন, ওসমান প্রায়ই বলত, সে যদি শহিদ হয় তাহলে পরিবার গর্বিত হবে। কিন্তু তিনি শহিদের ভাই পরিচয়ে নয়, রাজপথে ওসমানের পাশে থেকে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সংগ্রামে থাকতে চেয়েছিলেন।

তিনি আরও জানান, শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ওসমান হাদি। তার শাহাদাতে পরিবার ও সহযোদ্ধারা গভীর শোক ও মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন।

বক্তব্যের শেষে তিনি ওসমান হাদির স্ত্রী, আট মাসের সন্তান ও পরিবারের সদস্যদের জন্য দোয়া চান। বাবার মৃত্যুর পর দুই ভাইকে বড় করতে ছোট বোনের ত্যাগের কথাও উল্লেখ করে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সরকার স্পষ্ট না করলে জনগণের মনে প্রশ্ন তৈরি হবে। তিনি বলেন, জড়িতরা যেই হোক, এমনকি গোয়েন্দা সংস্থার সদস্য হলেও দ্রুত ব্যবস্থা নিতে হবে।