জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতীয় আধিপত্যবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের উদ্দেশে একক পদযাত্রা শুরু করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে তিনি পদযাত্রা শুরু করেন। এই স্থানেই এর আগে শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটেছিল।
রাশেদ প্রধান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে প্রতীকীভাবে তিনি এই কর্মসূচি পালন করছেন। পদযাত্রাকালে তিনি ভারতীয় দূতাবাসের উদ্দেশে একটি কালো গোলাপ বহন করেন, যা আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত।
পদযাত্রার শুরুতে তিনি অভিযোগ করে বলেন, ভারত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ দীর্ঘদিন ধরেই চলেছে।
তিনি আরও বলেন, অতীতে মিছিলসহ দূতাবাসে যাওয়ার চেষ্টা করলে প্রশাসন বাধা দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে বোঝা যায় একজন নিরস্ত্র ব্যক্তি কোনো হুমকি নন।













