জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে শহীদ বিপ্লবী শরিফ ওসমান হাদির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা শহীদ হাদির জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, হাদি চেয়েছিলেন সমাজ ও রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহীদ হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন বীর। তাকে হত্যা করে আধিপত্যবাদীরা নিজেদের ভয় ও পরাজয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু শহীদ হাদির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরও অসংখ্য হাদি তৈরি হবে এবং তার স্বপ্নের ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।
ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদেরই শহীদ হতে হয়েছে। শহীদ হাদিও সেই ধারার অংশ, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্ম আধিপত্যবাদের কবল থেকে দেশকে মুক্ত করবে।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেন, শহীদ হাদি আগ্রাসন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে এক সাহসী লড়াকু ছিলেন। তিনি ইনসাফমুখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন।
সভা শেষে শহীদ হাদির শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

