জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। তবে তিনি দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্যও পাওয়া যায়নি।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ফয়সালের শেষ অবস্থানের বিষয়ে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। অপরাধীরা অনেক সময় নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ায়।
প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজি বলেন, “এ হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলা হচ্ছে, তবে এখনো স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। আমরা সঠিক তথ্য বের করতে চেষ্টা করছি।”
ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য পাওয়া যায়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে কাজ করছি। সব এজেন্সি সমন্বিতভাবে সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক দেখছে।”

