• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দাবি না মানায় সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১:৩২
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১:৩২

দাবি না মানায় সংবাদ সম্মেলনের ডাক ইনকিলাব মঞ্চের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান হাদীর জানাজায় দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটিও বাস্তবায়ন না হওয়ায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনটি আগামীকাল সোমবার (২১ ডিসেম্বর) শহীদ হাদি চত্বরে (শাহবাগ) দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

রবিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ইনকিলাব মঞ্চ সংবাদটি নিশ্চিত করেছে।

সংগঠনটির অভিযোগ, দাবি ঘোষণা সত্ত্বেও স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করেননি। একই সঙ্গে সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর ‘হাসিনার চর’ গ্রেফতারের দাবি উপেক্ষিত রয়ে গেছে।

ইনকিলাব মঞ্চের আরও অভিযোগ, অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে শহীদ হাদীর হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, যা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।

সংগঠনটি আগামী দিনের কর্মসূচি ও দাবিসমূহ স্পষ্ট করার জন্য সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালানোর সময় গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শনিবার তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলামের মাজার চত্বরে সমাধিস্থ করা হয়।