• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

শিলিগুড়িতে জোর করে বাংলাদেশ মিশন বন্ধ করল উগ্রবাদীরা, কলকাতায় মিশন বন্ধের হুমকি

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ ১০:১৯

শিলিগুড়িতে জোর করে বাংলাদেশ মিশন বন্ধ করল উগ্রবাদীরা, কলকাতায় মিশন বন্ধের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদীদের হুমকির ঘটনায় হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শিলিগুড়িতেও বাংলাদেশের সহকারি হাইকমিশনের ভিসা সেন্টার উগ্রবাদীদের একটি দল জোর করে বন্ধ করে দিয়েছে। এছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করে বিজেপি’র নেতারা বন্ধের হুমকি দিয়েছেন।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড এবং মঠ-মন্দিরে ধারাবাহিক হামলার প্রতিবাদে আজ সোমবার শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন বাংলাদেশের ভিসা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ। এই দুটি সংগঠনের কয়েক’শো কর্মী-সমর্থক শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা অফিসের ভেতরে ঢুকে কর্মীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং অবিলম্বে অফিস খালি করার দাবি জানান। সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশে হিন্দুদের রক্ত ঝরলে ভারতে বসে বাংলাদেশের কোনো কাজ চলতে দেওয়া হবে না। এমনকি অফিসের সামনে টাঙানো বাংলাদেশের জাতীয় পতাকাটিও নামিয়ে নেওয়ার জন্য চরম হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী আজ সোমবার দলবল নিয়ে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে গিয়ে বিশৃঙ্খলা করেন।

তিনি হুমকি দিয়ে বলেন, কলকাতায় বাংলাদেশের হাইকমিশন রাখতে দেবেন না। বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাস হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেন তারা।

শুভেন্দু বলেন, দীপুকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে। আমরা বাংলাদেশ মিশনকে এখানে থাকতে দেব না। বাংলাদেশকে মিশন তালা মেরে দিতে হবে। তিনি আরও জানান, আগামী ২৪ ডিসেম্বর সীমান্তে এক ঘণ্টার প্রতীকী অবরোধ হবে এবং ২৬ ডিসেম্বর আমরা আবারও এখানে জড়ো হবো।

এদিকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দেওয়া হুমকির ব্যাপারে গতকাল রবিবার একটি ব্যাখ্যা দেয় ভারত সরকার। কিন্তু ভারতের সেই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এই হুমকির দেওয়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছিল, যাতে করে উগ্রবাদীরা নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে হাইকমিশনের গেটে পৌঁছে যায়। গত এক সপ্তাহ ধরে দু’দেশের মধ্যে হাইকমিশন ঘেরাও ও বিক্ষোভ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।