জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি আবু সাদেক কায়েম সেই নিরাপত্তা সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের ছাত্রনেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গানম্যান প্রদানের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবেই তাকে এ বিষয়ে অবহিত করা হয়েছিল, তবে তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।
পোস্টে আবু সাদেক কায়েম বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধে খুনি হাসিনার পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার ঘাটতি এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডাকসু ভিপি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা গেলে আজ এ ধরনের উদ্বেগ থাকত না। এই অবস্থায় প্রশ্ন উঠছে, কেন এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি।
তিনি আরও বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব আসছে। এমন বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার দ্বিধা রয়েছে।
আবু সাদেক কায়েম বলেন, দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে। এই প্রেক্ষাপটে কেবল নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি সঠিক মনে করেন না। তিনি বলেন, সবার নিরাপত্তাই প্রয়োজন, তবে তা যদি শুধু কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ন্যায়সঙ্গত হয় না। আপামর মানুষের জন্য নিরাপদ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার দাবি জানান তিনি।

