• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রুমিন ফারহানার আসনে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী দিল বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৩

রুমিন ফারহানার আসনে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী দিল বিএনপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটিকে ৪টি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জমিয়তের নেতারাও উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার। তবে আসন সমঝোতার কারণে এ আসন জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব, সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী এবং নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মির্জা ফখরুল জানান, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

তিনি আরও জানান, জমিয়ত নেতারা তাদের দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে নির্বাচন করবেন।