• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পরিকল্পিতভাবে দেশকে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : সাইফুল হক

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৫
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ২:২৫

পরিকল্পিতভাবে দেশকে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরিকল্পিতভাবে দেশকে আতঙ্ক ও নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, আইনের শাসনের পরিবর্তে দেশে এক ধরনের স্বেচ্ছাতন্ত্র কায়েম করা হয়েছে। জনজীবনে গভীর নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সরকার ও প্রশাসনের অকার্যকারিতায় দেশজুড়ে মারাত্মকভাবে নৈরাজ্যের বিস্তার ঘটছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

সভায় আরো বক্তৃতা করেন কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, সিকদার হারুন মাহমুদ, মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, স্নিগ্ধা সুলতানা ইভা, শেখ মোহাম্মদ শিমুল, নির্মল বডুয়া মিলন, শাহজাহান সিকদার, মীর রেজাউল আলম, ফিরোজ আলী, বাবর চৌধুরী, শাহীন আলম, জুঁই চাকমা প্রমুখ।

সভায় সাইফুল হক বলেন, কয়েক মাস আগে রাজবাড়িতে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাসহ অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার না হওয়ায় দেশব্যাপী খুনিরা উৎসাহিত হচ্ছে। এ কারণে দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়ছে।

লক্ষ্মীপুরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন ও আগুনে পুড়ে শিশু কন্যার মৃত্যু নৃশংসতার আরেক উদাহরণ তৈরি করেছে। ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবন, ছায়ানট ও উদীচীতে আগুনের ঘটনা প্রমাণ করে দেশে এখন জান-মাল ও প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের কেউ নেই।
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে মেরে আবার লাশ ঝুলিয়ে তা পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নজিরবিহীন বীভৎসতা হিসেবে আখ্যায়িত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞের বিচার না হলে এ ধরনের বীভৎসতা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অনতিবিলম্বে সাম্প্রতিককালে সংঘটিত নজিরবিহীন নৃশংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সভায় জাতীয় সংসদ নির্বাচনে পার্টির রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। অবিলম্বে নির্বাচনে পার্টির প্রার্থী তালিকা চূড়ান্ত করে পার্টির নির্বাচন প্রার্থীদের মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি ও ময়মনসিংহে নিহত দীপু চন্দ্র দাসের জন্য গভীর শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com