• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

চট্টগ্রাম-১৬ এনসিপি নেতা আরশাদের পদত্যাগ, নির্বাচন না করার ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ ৮:৪৩

চট্টগ্রাম-১৬ এনসিপি নেতা আরশাদের পদত্যাগ, নির্বাচন না করার ঘোষণা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও দলটির চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির দেওয়া মনোনয়ন প্রত্যাখ্যান করে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে, জামায়াত নেতৃত্বাধীন জোটে অংশ নিচ্ছে এনসিপি–এমন আশঙ্কা থেকে তিনি দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জুলাইযোদ্ধা ও বাঁশখালীর নাপোড়া গ্রামের মীর আশরাদুল হক ফেসবুক পোস্টে ‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনাম দিয়ে লেখেন, ‘আমি মীর আরশাদুল হক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না।’

পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়ে লেখেন ‘আজকে একটি বিশেষ দিনে এই ঘোষণাটি দিচ্ছি, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম।’

মীর আরশাদুল হক আরও লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এনসিপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত গত ১০ মাসের অভিজ্ঞতায় আমার কাছে প্রতীয়মান হয়েছে যে, এই দল ও দলের নেতারা সে প্রতিশ্রুতি রক্ষার্থে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই মনে করি আমি। এই ভুল পথে আমি চলতে পারি না। এই মুহূর্ত থেকে এনসিপির সঙ্গে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে। তাদের প্রতি শুভকামনা রইল।’

তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই সরকার গঠন করবে উল্লেখ করে আরশাদুল হক আরও লেখেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমার কাছে মনে হচ্ছে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করার কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী সময়ে তারেক রহমানের বিভিন্ন কার্যক্রম ও বক্তব্য পর্যালোচনা করে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে, এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা ও সক্ষমতা তিনিই রাখেন।’

এনসিপি নেতার পদত্যাগ ও বাঁশখালী থেকে নির্বাচন না করার ঘোষণায় বাঁশখালীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও সমীকরণ শুরু হয়েছে। এখনো ঘোষণা না দিলেও এনসিপি যে জামায়াত-ইসলামী আন্দোলনের জোটে যাচ্ছে, তা অনেকটাই পরিষ্কার বলে মনে করছে সচেতন মহল।