• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সংস্কারের কথা বলে জোট গঠন খুবই বিভ্রান্তিকর

প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৫:১৫
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ ৫:১৫

সংস্কারের কথা বলে জোট গঠন খুবই বিভ্রান্তিকর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার বিষয়টি বরাবরই প্রত্যাখ্যান করে এসেছি। যাদের অনুরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যোগ দিয়েছিলাম, তাদের মাধ্যমেই বেশ হেনস্তা ও অপমানের শিকার হতে হয়েছে।

সংস্কারের চেয়েও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নিজেদের রাজনৈতিক অবস্থানকে শক্ত করা। যার ফলে এনসিপি গঠনের সময়ে নিজে সে দলে যোগ না দিয়ে কঠোর অবস্থান নিই।

কিন্তু দলটি গঠনের সময়ে যারা যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন ছিল। যেসব নারী নেতৃত্বকে ব্যক্তিগতভাবে পছন্দ করতাম– তাদের বাচনভঙ্গি থেকে শুরু করে অনেক কিছুই আমার পছন্দ হতো, তারাও বর্তমানে এক প্রকার দোলাচলের মধ্য দিয়ে যাচ্ছেন। আমি মনে করি, এই সংকট থেকে উঠে আসা উচিত। আমি যতদূর দেখেছি এনসিপিতে নারীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না এবং ভবিষতেও তারা এটা করবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আর জামায়াতের সঙ্গে যাওয়ার বিষয়টি অবশ্যই আমার একটা ভিন্ন মত। ঐতিহাসিক বিষয়ের বাইরে গিয়েও গত দেড় বছর ধরে যেভাবে আসলে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে, এটা সব থেকে ভয়াবহ লক্ষণ। এখন তারা সংস্কার নিয়ে নতুন যুক্তি উপস্থাপন করছে। সব রাজনৈতিক দলই একটা সময় সংস্কারের মনোভাব নিয়ে এগোচ্ছিল। কিন্তু এখন তারা সংস্কার নিয়ে বিভিন্ন রকমের বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়টি সত্যিই বেশ অ্যালার্মিং। এখানে জামায়াতও যে খুব সংস্কারপন্থি এটা মনে করার কোনো কারণ নেই। আর এনসিপিও যে সংস্কারের জন্য খুব জান-প্রাণ দিয়ে চেষ্টা করেছে– এটাও মনে করার কোনো কারণ নেই। তো সংস্কারের কথা বলে তারা যে জোট গঠন করার কথা বলছে, এটা খুবই বিভ্রান্তিকর একটি বার্তা। এতে করে তারা একধরনের বিভেদ তৈরির চেষ্টা করছে, এটাই পরিষ্কার হয়। দেশে বর্তমান পরিস্থিতিতে একটা স্ট্যাবল সরকার গঠন করা ছিল গুরুত্বপূর্ণ। সেটা না করে তারা জনগণকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে এবং এখন জামায়াতের সঙ্গে যোগ দিয়ে একই রকম চেষ্টা করে যাচ্ছে, এটা সব থেকে দুর্ভাগ্যজনক। জুলাই আন্দোলন থেকে উঠে আসা একটা সংগঠন অনবরত শিশুসুলভ আচরণ করে যাচ্ছে, এটা ঠিক নয়। তারা মনে করে যে দেশের মানুষ কিছুই বুঝে না।