জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি’র মহাসচিব ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পরে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। গতকাল দুপুরে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন।
মির্জা ফখরুল জানান, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। এ সময় তিনি বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা আবারো আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ অঞ্চলের মানুষের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো।
মহাসচিব জানান, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেয়া হবে বলে তিনি আশ্বাস দেন। ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের মতো এবারো আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করবে। এদিকে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।













