• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ

প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ২:০২
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ ২:০২

কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক দিয়ে মানুষের স্রোত আসতে দেখা গেছে। জিয়াউর রহমানের সমাধিসৌধ এলাকাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জানাজা ও দাফন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এর আগে আজ সকাল সোয়া ৯টার দিকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয়। পরে মরদেহ নেওয়া হয় গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায়, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও দলীয় নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান। পাশেই রয়েছে তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজা।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। গত (২৩ নভেম্বর) সংক্রমণ ও নিউমোনিয়া নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।