জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি।
এ সময় তিনি বলেন, আল্লাহ তায়ালার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন জাতিকে এই শোককে ধারন করার শক্তি দেন। খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ সামনে, সে বাংলাদেশ যেন তার কষ্টের মত না হয়ে স্বপ্নের মত হয়। সেই দোয়া করছি আমরা আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সামনের দিকে চলার দিক নির্দেশনা দেন। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, আল্লাহ যেন আমাদের পথভ্রষ্ট না করেন।
হাবিবুন নবী খান সোহেল আরও বলেন, ছাত্রজীবন থেকে রাজনীতি করছি, সবসময় খালেদা জিয়া দিক নির্দেশনা দিতেন আমাদের। তার ছেলের মতই ছিলাম। নিজের মাকে হারালে যেমন লাগে, এখন তেমনই লাগছে, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ যেন আমরা হারিয়ে ফেলেছি।
উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

