নিজস্ব প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ ঘটিকায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । যুক্তরাজ্য বিএনপি এই বেদনাবহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আজ এক শোকবার্তায় যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খসরুজ্জামান খসরু বলেন, ‘’ আপোষহীন দেশনেত্রীর মৃত্যুতে মরহুমার পরিবার ও দেশের আপামর জনগণের মতো যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত । তাঁর মৃত্যুতে দল, দেশ ও জাতি হারিয়েছে এক মহান অভিবাবক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণমানুষের অধিকার আদায়ে ছিলেন সর্বদা সোচ্চার ।তিনি হয়ে উঠেছিলেন সমগ্র দেশের মানুষের আস্থার প্রতিক। গনতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া অন্যায়-অবিচার, জেল-জুলুম ও নির্যাতন-নিপীড়ন কাছে কখনো মাথা নত করেননি। দেশের দুঃসময়ে সময়েও তিনি দেশ ছেড়ে চলে যান নাই। সমগ্র বাংলাদেশকে তিনি মনে করতেন তাঁর একটা পরিবার। দেশ, দেশের মাটি ও মানুষ ছিল তাঁর ঠিকানা। তিনি সর্বদা চেয়েছেন এ দেশের মানুষ যেন একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে নিজের পায়ে দাঁড়াতে পারে। দেশের জনগণের প্রতি ছিল তাঁর অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা ।দল মত নির্বিশেষে তিনি হয়ে উঠেছিলেন সকলের শ্রদ্ধার পাত্র এবং ঐকের প্রতিক।‘’
শোক বার্তায় নেতৃদয় বলেন, ‘’দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে নারীদের ব্যাপক অংশগ্রহন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি যে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছিলেন, বিশেষ করে দেশের নারী সমাজের কর্মসংস্থান ও ছাত্রীদের অবৈতনিক শিক্ষা কর্মসূচী। সেই কর্মসূচীর মাধ্যমে তিনি দেশে যে অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছিলেন তা জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।তাঁর সরকারের শাসন আমলে গৃহীত অন্যান্য অর্থনৈতিক কর্মসূচীর সুফলের কারণে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিন এশিয়ার ইমার্জিং টাইগার এ পরিনত হয়েছিল। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে । গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ ও মানুষের অধিকার আদায়ে তাঁর সংগ্রামের ইতিহাস দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বেঁচে থাকবেন এ দেশের মানুষের হৃদয়ে চিরকাল।‘’
শোকবার্তায় নেতৃদয়, মহান রাব্বুল আলামীনের দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে পরকালে জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান ।

