• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে নিয়ে আসাও সম্ভব: নৌপরিবহন উপদেষ্টা

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০৫
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ ১০:০৫

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের ভারত থেকে নিয়ে আসাও সম্ভব: নৌপরিবহন উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা যদি প্রতিবেশী (ভারতে) দেশে পালিয়ে থাকে সেখান থেকেও নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদির নামে লঞ্চঘাট নামকরণ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ইতোমধ্যে বেশ কয়েকজন আসামি ধরা পড়েছে এবং অনেক সাক্ষ্য-প্রমাণ সামনে এসেছে। সরকার এ বিষয়ে অত্যন্ত সিরিয়াস। যদি কোনো আসামী পাশ্ববর্তী (ভারত) দেশে পালিয়ে থাকে, সেখান থেকেও তাকে ফিরিয়ে আনা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট সরকার যেন না আসে। যারা ক্ষমতায় আসবে, তারা জনগণের জন্য কাজ করবে এবং সততার সঙ্গে দায়িত্ব পালন করবে। তা না হলে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা আমাদের কখনও ক্ষমা করবে না।’

উপদেষ্টা বলেন, ‘এই লঞ্চঘাট শহীদ ওসমান হাদির নামে স্থায়ীভাবে থাকবে। হাদি শুধু ঝালকাঠির নয়, বাংলাদেশেরই সন্তান। এখন তিনি বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হাবিব, ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি এবং ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার।