সিংড়া (নাটোর) প্রতিনিধি
জমে উঠেছে নাটোর-৩ (সিংড়া) আসনের নির্বাচনী আমেজ। চায়ের টেবিলে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে জোট আর বিদ্রোহীর গ্যাঁড়াকলে পড়েছে বিএনপি ও জামায়াত। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী থাকায় জামায়াতের মাঝে স্বস্তি ফিরে আসে। কিন্তু ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির নাম আসায় ভোটের মাঠে নতুন সমীকরণ দেখা দেয়। দেড় বছর ধরে জামায়াত প্রফেসর সাইদুর রহমান মাঠে কাজ করে আসছিলেন । প্রতিটি ইউনিয়নে গণসংযোগ, শোভাযাত্রা, কর্মী সমাবেশ, উঠান বৈঠক করেছেন। তবে মাঠ গোছাতে তৎপর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আসনটি পুনরুদ্ধারে তিনি ব্যস্ত সময় পার করছেন। বিএনপি’র ভোট ধরে রাখতে পারলে তার রাস্তা সহজ হয়ে যাবে। এদিকে, এ আসনে ১১ দলীয় জোটের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি’র
সীমিত কার্যক্রম দেখা গেলেও অন্য কোনো দলের কার্যক্রম চোখে পড়ে না। আসনটি একসময় বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ২০০৮ সালে জুনাইদ আহমেদ পলকের আগে আওয়ামী লীগ থেকে কেউ সংসদ সদস্য হতে পারেনি। ১৯৯১ সালে এখানে জামায়াত থেকে নির্বাচিত হন আবু বকর শেরকোলী। ১৯৯৫ সালে তিনি মারা গেলে উপ-নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি’র কাজী গোলাম মোর্শেদ। পরে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও তিনিই বিজয়ী হন। বিএনপি’র বিদ্রোহী প্রার্থী থাকায় দলটির জন্য চ্যালেঞ্জিং হবে। তাদের ভোট ভাগাভাগি হয়ে যাবে। যার সুফল পেতে পারে অন্য দলগুলো। এ হিসেবে বিএনপি’র হারানো আসনটি উদ্ধার করা কঠিন হবে। উপজেলায় ১২টি ইউনিয়ন পরিষদ এবং ১টি পৌরসভা রয়েছে। ভোটার ৩ লক্ষ ২৩ হাজার ৩ শত ৫৬ জন। এরমধ্যে নারী ১ লক্ষ ৬১ হাজার ২ শত ৫৫ জন এবং পুরুষ ভোটার ১
লক্ষ ৬২ হাজার ৯৭ জন। এ ছাড়া হিজড়া ভোটার ৪ জন। ভোটকেন্দ্র ১১৮টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৪টি এবং অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১১টি। ভোটকক্ষ রয়েছে ৬৩১টি। এরমধ্যে নারী ভোটকক্ষ ৩৩৬টি এবং পুরুষ ভোটকক্ষ ২৯৫টি। প্রিজাইডিং অফিসার রয়েছেন ১৩০ জন। সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন ৬৯৪ জন। পোলিং অফিসার রয়েছেন ১৩৮৮ জন। মোট ১৩ জন মনোনয়ন ফরম উত্তোলন করলেও দাখিল এবং জমা দেয় ৯ জন প্রার্থী। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, জামায়াত মনোনীত জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, জাতীয় পার্টির আশীক ইকবাল, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মওলানা খলিলুর রহমান, এনসিপি’র জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবু, খেলাফত মজলিসের মাওলানা রুহুল আমিন টিংকু।

