• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ১:০৫
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ১:০৫

নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত করলেন রুমিন ফারহানা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে ‘রোহিঙ্গা’ মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা বলেন, ‘আওয়ামী লীগের আমলে সদর আসনের এমপি সরাইল-আশুগঞ্জে এসে মাতব্বরি করতেন। এখন একজন রোহিঙ্গা প্রার্থী সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন।’

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এই আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব।

ধারণা করা হচ্ছে, রুমিন ফারহানার মন্তব্যটি মূলত জুনায়েদ আল হাবিবকে লক্ষ্য করেই করা। কারণ, হলফনামায় তিনি স্থায়ী ঠিকানা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কথা উল্লেখ করেছেন। পাশাপাশি বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রামের নাম দিয়েছেন।

এদিকে জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।