বিনোদন ডেস্ক
ছবি সংগৃহিত
জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গেল বছরের শুরুতেই হঠাৎ করে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন তিনি। মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন এই তারকা। এই বিয়ের খবরে চারদিকে হইচই পড়ে গিয়েছিল তখন। আলোচিত এই তারকার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। কিছুদিন থেকেই গুঞ্জন শুরু হয় ভেঙে যাচ্ছে তাহসান ও রোজার সংসার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। গায়কের নব্য গড়া সংসার ভাঙতে চলেছে। গেল কয়েক মাস ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।
তাহসান খান বলেন, “খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।”
তাহসান আরও বলেন, “ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে, আমরা এখন একসঙ্গে থাকছি না।”
উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে।

