• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

শ্রমিকরা অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: ড. মঈন খান

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:১১
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৬:১১

শ্রমিকরা অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: ড. মঈন খান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

শ্রমিকরা অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শ্রমিকরাই মূলত দেশ গড়ার কারিগর উল্লেখ করে ড. মঈন খান বলেন, “১৮৮৬ সালে যেদিন শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিল, আজও শ্রমিকের অধিকার নিয়ে আপনারা যে দাবি-দাওয়ার কথা তুলে ধরেছেন, তা সেই সময়ও ছিল। তখন শ্রমিকরা দাবি করেছিল ৮ ঘণ্টা কাজ করার। সেদিন থেকে আজ প্রায় ১৫০ বছরেরও অধিক সময় পার হলেও তারা তাদের এই দাবি বাস্তবায়ন করতে পারেনি।”

তিনি আরও বলেন, “আজও অধিকাংশ সময় শ্রমিকরা যে দাবি করছেন, তা ঠিক ১৮৮৬ সালেও ছিল। দেড়শ বছরেও শ্রমিকদের অনেক দাবি আজও পূরণ হয়নি। কেন শ্রমিকের সেই অধিকারগুলো আজও আদায় হয়নি? কাদের কারণে হয়নি? শ্রমিকরা যদি দেশ গড়ার কারিগর হয়, তাহলে তাদের দাবি-দাওয়া কেন পূরণ হয়নি? দেশের নেতৃত্ব কেন তা পূরণ করেনি?”

বিএনপির সিনিয়র এই নীতিনির্ধারক আরও বলেন, “আমরা উদারনীতি রাজনীতি করি। আমি পরিকল্পনা মন্ত্রী থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে বলেছেন, শুধু প্রাইভেট সেক্টরে উন্নয়ন নয়, উন্নয়নকে গ্রামীণ জনপদ অর্থাৎ গ্রামে ছড়িয়ে দিতে হবে। গ্রামের মানুষের উন্নয়ন নিশ্চিত করতে হবে।”

উন্নত দেশের তুলনায় দেশের চ্যালেঞ্জগুলো অনেক বড় উল্লেখ করে তিনি বলেন, “এই চ্যালেঞ্জগুলো শুধুমাত্র রাজনৈতিক দলগুলো মোকাবেলা করলে হবে না। সাধারণ মানুষ, শ্রমিক জনতা যদি রাজনৈতিক দলগুলোর উপর সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারে, তাহলে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম পৃথিবীতে চলমান আছে। আমাদের সেটি চালিয়ে নিতে হবে। কারণ শ্রমিকরা অধিকার ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না।”

শ্রমিক অধিকার এডভোকেসি এলায়েন্স (বিলস) আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন্দ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা নাজমুল হক প্রধান, গণ অধিকার পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান, এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরিফুর রহমানসহ সংগঠনের দেশি ও বিদেশি বিভিন্ন পর্যায়ের নেতারা।