জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নির্বাচনে অংশ নেয়া রংপুরের প্রার্থীদের হলফনামা এখন আলোচনায়। সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ২৪টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনকে বলা হয় রংপুরের প্রাণকেন্দ্র। এ আসনে হেভিওয়েট প্রার্থী জিএম কাদের প্রতিদ্বন্দ্বিতা করায় বেশ আলোচনায় থাকে আসনটি। এ ছাড়াও এ আসনে পর পর দুইবার নির্বাচনে অংশ নিয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তবে এবার আলোচনায় রয়েছেন- বিএনপি’র প্রার্থী সামসুজ্জামান সামু, জামায়াতে ইসলামী মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রংপুরের প্রার্থীদের অর্থ-সম্পদ, শিক্ষাগত যোগ্যতা, পেশা নিয়ে আলোচনা তুঙ্গে রয়েছে। রংপুর জেলার প্রাণকেন্দ্রটি রংপুর-৩ আসন। এ আসনে এবারো জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান জিএম কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া, আলোচনার শীর্ষে রয়েছেন- বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু, জামায়াতের মাহবুবুর রহমান বেলাল, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল ও তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ সকল প্রার্থীদের মধ্যে অর্থবিত্ত ও শিক্ষায় এগিয়ে রয়েছেন জিএম কাদের। মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু একজন ব্যবসায়ী। বিগত দিনে তার বিরুদ্ধে হওয়া ২২টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাহবুবুর রহমান বেলালের নামে বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া ১১টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।
বিগত সময়ে তিনি শিক্ষকতা করলেও এখন তিনি পরিবহন ব্যবসায়ী। ইসলামী আন্দোলনের শূরা সদস্য ও রংপুর মহানগরের সেক্রেটারি আমিরুজ্জামান পিয়ালের নামে কোনো মামলা ও দায়-দেনা নেই। অষ্টম শ্রেণি পাস তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী একজন ব্যবসায়ী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ঢাকার উত্তরার বাসিন্দা। তিনি বিএসসি ইঞ্জিনিয়ার হলেও পেশায় একজন রাজনীতিবিদ। পূর্বে তিনি সরকারি চাকরি করতেন। তার বিরুদ্ধে ১১টি মামলা তদন্তাধীন রয়েছে। এ ছাড়া, তার স্ত্রী শেরিফা কাদের একজন সংগীতশিল্পী ও ব্যবসায়ী। জিএম কাদেরের বার্ষিক আয় শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক জামানত থেকে নিজ নামে ১ লাখ ৯০ হাজার টাকা ও স্ত্রীর ৭৯ হাজার ৭৪১ টাকা, ব্যবসা থেকে স্ত্রীর আয় ৬ লাখ টাকা। তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা নিজ নামে ৬০ লাখ ৩২ হাজার ৪০৫ টাকা এবং স্ত্রীর নামে ৪৮ লাখ ৯০ হাজার ৯৩৮ টাকা, ফিক্সড ডিপোজিট নিজ নামে ৪০ লাখ টাকা ও স্ত্রীর নামে ১১ লাখ ৮৩ হাজার ৩৬৮ টাকা। তার নিজ নামে প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি এবং ৮০ লাখ টাকা মূল্যের স্ত্রীর নামে একটি জিপ গাড়ি রয়েছে। স্বর্ণালঙ্কার নিজ নামে ১১ তোলা ও স্ত্রীর নামে ১০ তোলা রয়েছে। এ ছাড়া, আগ্নেয়াস্ত্র নিজ নামে দশমিক ২২ বোর পিস্তল ১টি ও দশমিক ২২ বোর রাইফেল একটিসহ মোট সম্পদ নিজ নামে ১ কোটি ৯৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ১ কোটি ৭২ লাখ টাকার। নগরীর রবার্টসনগঞ্জ এলাকার বাসিন্দা বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু। এমএ পাস সামু পেশায় একজন ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২২টি মামলা ছিল, সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। সামসুজ্জামান সামু বার্ষিক আয় করেন কৃষিখাতে ৬ লাখ টাকা, ব্যবসা থেকে ৩ লাখ ৬ হাজার ৬৬৭ টাকা, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকে নিজ নামে ৮ হাজার ৫৭২ টাকা, স্ত্রীর নামে ১৩ হাজার ৬৭৫ টাকা, চাকরি থেকে স্ত্রী পেনশন পান ৫ লাখ ৩৩ হাজার ৫৮ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে তার নগদ অর্থ ৩ লাখ ৩ হাজার ৮০৮ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা নিজ নামে ৩৩ লাখ ২৯ হাজার ১৪৬ টাকা, স্ত্রীর নামে ৭ লাখ ১ হাজার ৯৫৩ টাকা, ফিক্সড ডিপোজিট নিজ নামে ২ লাখ ৫০ হাজার, স্ত্রীর নামে ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার স্ত্রীর নামে ৫ ভরি রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি নিজ নামে ১ হাজার ৩২৫ শতক, স্ত্রীর নামে ৪০৫ শতক রয়েছে। এ ছাড়া, তার ৬৮ লাখ ২৭ হাজার টাকা মূল্যের অকৃষি জমি ও ১৭ লাখ টাকা মূল্যের কারখানা রয়েছে। সামসুজ্জামান সামুর কোনো দায়-দেনা নেই। রংপুর নগরীর নিউ আদর্শপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান বেলাল অর্থনীতিতে এমএ করেছেন। বিগত সময়ে তিনি পেশায় শিক্ষক থাকলেও বর্তমানে তিনি পরিবহন ব্যবসায়ী। তার বিরুদ্ধে থাকা ১১টি মামলা নিষ্পত্তি হয়ে গেছে।

