• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

একটি দলের কার্যকলাপে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য তারেক রহমানের

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৩:১৭
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬ ৩:১৭

একটি দলের কার্যকলাপে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য তারেক রহমানের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কি করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটাই বিএনপির প্রথম নির্বাচনী জনসভা।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বক্তব্যের শুরুতেই তারেক রহমান অনেকটা সিলেটি উচ্চারণে স্থানীদের কাছে সালাম দিয়ে জানতে চান, ‘আপনারা ভালা আছেন নি…?’

পরে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তাঁর কাছে জানতে চান, এই দুনিয়া, জান্নাত জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ।’ এরপর তারেক রহমান বলেন, ‘যেখানে জান্নাত-জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে।’ এ সময় তিনি প্রশ্ন রাখেন, ‘যারা আপনাদের আগেই ঠকাচ্ছে, তারা পরে কী করবে?’

দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।’ এ সময় ধানের শীষের জন্য ভোট চেয়ে মানুষের ভাগ্যের উন্নয়নে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘মা–বোনদের আমরা অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে চাই। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’ তিনি বলেন, ‘আমরা কৃষক ভাইদের পাশে দাড়াতে চাই। ১২ তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন। তাহলে খাল খনন করা হবে। আমরা আবার খাল খনন কর্মসূচি করতে চাই।’ তিনি এ সময় বিএনপি টেক ব্যাক বাংলাদেশ আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ‘টেক ব্যাকের অর্ধেক পর্যায়ে রয়েছি। ১২ তারিখের পর নির্বাচনে জিতে বাকীটা পূরণের যাত্রা শুরু হবে।’