• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (AIM)’–এর আত্মপ্রকাশ

প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৩৯
আপডেট: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ২:৩৯

জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন (AIM)’–এর আত্মপ্রকাশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং একটি বৈষম্যহীন ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নতুন রাজনৈতিক ও সামাজিক প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলন’ (Awakening Implementation Movement–AIM)–এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে অভ্যুত্থান বাস্তবায়ন আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে রূপরেখা ও দাবিসমূহ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে AIM নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না; এটি ছিল দীর্ঘদিনের বৈষম্য, মেধার অবমূল্যায়ন এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাবের বিরুদ্ধে ছাত্র-জনতার এক ঐতিহাসিক জাগরণ। তবে বিপ্লব-পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত সংস্কার ও মৌলিক পরিবর্তনের গতি আশানুরূপ হয়নি বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ১৮ মাস অতিবাহিত হলেও দৃশ্যমান সংস্কার না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন।

এই প্রেক্ষাপটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতা ও সহযোদ্ধাদের সমন্বয়ে গঠিত AIM জাতির সামনে একটি সুনির্দিষ্ট রূপরেখা ও দাবিমালা তুলে ধরে।

তিন খণ্ডে AIM-এর রূপরেখা গুলো:

ন্যায়বিচার ও স্বীকৃতি:
জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত সংগঠক ও যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ ও আহতদের যাচাইকৃত তালিকা গেজেট আকারে প্রকাশ এবং অন্তর্বর্তী সরকারসহ সকল সরকারের জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানানো হয়। একই সঙ্গে পিলখানা ট্র্যাজেডি, সাংবাদিক সাগর-রুনি হত্যা, শাপলা চত্বর হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলন ও তনু হত্যাসহ সকল জাতীয় অবিচারের বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়।

মেধাভিত্তিক রাষ্ট্র ও শিক্ষানীতি:
মেধাবী শিক্ষার্থীদের জন্য সহজ শর্তে শিক্ষা ঋণ, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা, কোটা সংস্কার আন্দোলনের চেতনায় মেধাভিত্তিক কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার দাবি তুলে ধরা হয়।

জাতীয় সক্ষমতা ও অর্থনৈতিক সংস্কার:
শিক্ষা ও শ্রমবাজারের কার্যকর সমন্বয়, কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিস্তার, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানানো হয়। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

AIM নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ওপর দাঁড়িয়েই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। রাষ্ট্র কোনো বিশেষ গোষ্ঠীর সম্পত্তি নয়; মেধা, যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করাই তাদের আন্দোলনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকল সহযোদ্ধা ও দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।