• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:১৪
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৪:১৪

দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে চীনের সরকার থেকে সরকার পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে দেশে ড্রোন বা আনম্যানড এরিয়াল ভেহিকল উৎপাদনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকায় বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমানবাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশন ইন্টারন্যাশনালের (সিইটিসি) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চুক্তির আওতায় বাংলাদেশ বিমানবাহিনী ও সিইটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি আধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এতে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। দীর্ঘমেয়াদে ইউএভি উৎপাদনে দেশকে স্বনির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আইএসপিআর জানায়, প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিমানবাহিনী বিভিন্ন ধরনের মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম মিডিয়াম অল্টিটিউড লং অ্যান্ডিউরেন্স ইউএভি এবং উল্লম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইউএভি উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এসব ইউএভি সামরিক কার্যক্রমের পাশাপাশি মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য অসামরিক কাজে উল্লেখযোগ্য অবদান রাখবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের ড্রোন ব্যবহারের মাধ্যমে সীমান্ত পর্যবেক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির মূল্যায়নসহ নানা গুরুত্বপূর্ণ কাজে বাংলাদেশ আরও সক্ষমতা অর্জন করবে।

আইএসপিআর আরও জানায়, এই চুক্তির ফলে দেশীয় ইউএভি উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের পথে বাংলাদেশের সক্ষমতা আরও বিস্তৃত হবে। এর মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারবে। পাশাপাশি বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ অ্যারোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের সামগ্রিক প্রযুক্তিগত অগ্রগতিতেও এই উদ্যোগ উল্লেখযোগ্য অবদান রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সিইটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com