• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৬
আপডেট: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৪৬

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। একই সঙ্গে তিনি সব ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এই প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন আমিনুল হক।

গণসংযোগ শেষে এক পথসভায় তিনি বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’

এ সময় অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে।’ এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনি প্রচারণা নিয়ে তিনি বলেন, ‘প্রচারণার সপ্তম দিনে এসে দেখছি, বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। এটি পরিবর্তনের ইঙ্গিত।’

তবে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও তোলেন আমিনুল হক। তার অভিযোগ, জামায়াতের প্রার্থী ও তার কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের উদ্দেশে আমিনুল হক উসকানি ও প্রলোভন এড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।