• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

লাভজনক নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়া দেশবিরোধী তৎপরতা: বাম জোট

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ ৫:৪৫

লাভজনক নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়া দেশবিরোধী তৎপরতা: বাম জোট

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার উদ্যোগকে ‘দেশবিরোধী তৎপরতা’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জোট দুটি।

সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা ডা. জয়দ্বীপ ভট্টাচার্য, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

বাম নেতারা বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান প্রবেশদ্বার। এর আশপাশে নৌবাহিনীর ঘাঁটি, তেল শোধনাগার ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কৌশলগত স্থাপনা রয়েছে। এই পরিস্থিতিতে বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।’

তারা বলেন, ‘নিউমুরিং কন্টেইনার টার্মিনাল একটি লাভজনক প্রতিষ্ঠান। তা সত্ত্বেও কেন বিদেশি কোম্পানিকে ইজারা দিতে হবে-এর কোনো সন্তোষজনক জবাব সরকারের কাছে নেই।’

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সঙ্গে মার্কিন নৌবাহিনীর চুক্তি রয়েছে। ফলে এই কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে সেখানে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ নোঙর, রিফুয়েলিং ও মেরামতের সুযোগ তৈরি হবে। এতে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র এ অঞ্চলে সামরিক ও প্রতিরক্ষা নজরদারি জোরদার করতে পারবে।’