জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বর্তমান অন্তর্বর্তী সরকার শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে তবে নির্বাচন নিরপেক্ষ-অবাধ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৩০ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াতে ইসলামীর নেতাকে বিএনপির সন্ত্রাসীরা যেভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে এর বিচার এই সরকারকে করতে হবে। খুনীদেরকে গ্রেপ্তার করতে হবে, আর যেন জামায়াতে ইসলামীসহ কোনো দলের প্রার্থীদের ওপর হামলা না করা হয়। হত্যাকাণ্ড বন্ধ নিশ্চিত না করলে, দেশ যদি সহিংস হয়ে ওঠে তবে এ নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোটকেন্দ্রে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো কোনো নেতা বক্তব্য দিচ্ছেন দাড়িপাল্লার কাজ করার জন্য মহিলারা যদি কোনো বাড়িতে যায়, তাদের কাপড়চোপড় খুলে নেবে। তাদের ওপর হামলা করছে, গায়ে হাত তুলছে। যারা নির্বাচনের আগের নারীদের গায়ে হাত তোলে, তাদের কাপড় খুলে নিতে চায় ক্ষমতায় গেলে তারা নারীদের সঙ্গে কি আচরণ করবে?
তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।
বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, সেক্রেটারি আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মহসিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন আশরাফী প্রমুখ।

