হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ঢাকা–১০ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, এবারের জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড খুবই ভালো রয়েছে এবং সব রাজনৈতিক দলের প্রার্থীরাই নির্বাচনি প্রচার–প্রচারণা চালাচ্ছেন। প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন এবং বর্তমান পর্যন্ত কোনো ধরনের সংঘাতের আশঙ্কা দেখছেন না।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রাজধানীর হাতিরপুলের ইস্টার্ন প্লাজার সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে— জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে শুরু করেছে। আমি গত ৩৩ বছর ধরে এ অঞ্চলে রাজনীতি করে আসছি। ইতোমধ্যে এলাকার জনগণ দায়িত্ব নিয়ে আমাকে বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন।
নিজের নির্বাচনি এলাকা সম্পর্কে শেখ রবিউল আলম বলেন, ঢাকা–১০ আসনে সবচেয়ে বড় সংকট হচ্ছে সরকারি সেবা খাতগুলোর ব্যর্থতা। সিটি করপোরেশন, ওয়াসা, ডেসকো, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন সংস্থায় মানুষ নিয়মিত টাকা পরিশোধ করলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরও জোরালো হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও যদি সবাই আরও সচেতন হয়, তাহলে পরিস্থিতির উন্নতি সম্ভব।

