• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৭ বছর পর ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’: সেলিমা রহমান

প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:১৪
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১১:১৪

১৭ বছর পর ভোটের সুযোগ একটি ‘মুক্তির বার্তা’: সেলিমা রহমান

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের দীর্ঘ বিরতির পর বাংলাদেশের মানুষ আবার নির্বাচনের পথে রয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেবল একটি সাধারণ ভোট নয়, বরং এটি দেশের মানুষের কাছে একটি ‘মুক্তির বার্তা’।

শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জাতীয়তাবাদী প্রজন্ম ৭১’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘প্রবাসীদের ভোট, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং নাগরিক ভাবনা’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।

সেলিমা রহমান বলেন, ১৭ বছর পর আমরা প্রকৃত নির্বাচনের সুযোগ পাচ্ছি। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় দেশবাসী এবং বিশেষ করে তরুণ প্রজন্ম অনেক কিছুই ভুলে গেছে। গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আবেগপ্রবণ কণ্ঠে বলেন, বিগত বছরগুলোতে দলের অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। তাই এই নির্বাচনকে তারা ‘মুক্তির লড়াই’ হিসেবে দেখছেন।


নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ তুলে সেলিমা রহমান বলেন, বর্তমান নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি বিশেষ দল চক্রান্ত করছে। তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা রুখতে এবং জনমনে আতঙ্ক ও মিথ্যাচার ছড়ানো বন্ধ করতে সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

প্রবাসীদের ভূমিকা নিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বিগত সরকার প্রবাসীদের যথাযথ গুরুত্ব দেয়নি এবং তাদের অবদানকে সবসময় অবমূল্যায়ন করেছে। তবে বিএনপি প্রবাসীদের যোগ্য সম্মান ও শ্রদ্ধা জানায় এবং তাদের দেশের গর্ব হিসেবে বিবেচনা করে।

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, তাঁতী দল নেতা কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।