জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তুমুল আলোচনায় ঢাকা-৮ আসন। সবার দৃষ্টি এই আসনটির দিকে। কারণ প্রচারণায় তৈরি হয়েছে উত্তাপ। এই উত্তাপে ঘি ঢালছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রচারণায় নেমে প্রতিদিনই তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে তোপ দাগছেন। ভোটারদের সঙ্গে তর্কেও জড়াচ্ছেন। এ ছাড়া, কয়েক দফা হেনস্তার শিকার হয়েছেন এই এনসিপি নেতা। এসব ঘটনায় হয়েছে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল। আরেকটি কারণে আলোচনায় এই আসনটি। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গত ১২ই ডিসেম্বর রাজধানীর বক্স কালভার্ট রোডে প্রচারণাকালে আততায়ীর গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় শুরু হয়। প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয় গোটা দেশ। ঘটে সহিংস ঘটনাও। এরপর সবার দৃষ্টি চলে যায় এই আসনটির দিকে। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসন। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, রাজনৈতিক অফিসগুলোও এই আসনের মধ্যে। তাই সব দিক দিয়ে এই আসনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। এই আসন থেকে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকে লড়ছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার সঙ্গে ভোটের মাঠে লড়ছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি ‘শাপলা কলি’ নিয়ে ভোটের মাঠে সরব। আসনটিতে আরও ৯ প্রার্থী মাঠে রয়েছেন। গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন আলোচিত মডেল অভিনেত্রী মেঘনা আলম। প্রার্থী অনেক হলেও আলোচনা মাত্র দু’জনকে নিয়ে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী প্রচারণার প্রথম দিন থেকেই উত্তাপ ছড়ান। বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করতে থাকেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই আসনের নির্বাচনী এলাকায়। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে সাবধানী ছিলেন মির্জা আব্বাস। এই আসনে নির্বাচনী প্রচারণায় দুই দফা ডিম নিক্ষেপের শিকার হয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সবশেষ মঙ্গলবার রাজধানীর শান্তিনগরে পিঠা উৎসবে গিয়ে ‘হামলার শিকার’ হন জামায়াত জোটের এই প্রার্থী। পরে দুপুরে ফকিরাপুল এলাকায় একটি মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি’র এই নেতা বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।
এ ছাড়া, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় গিয়ে ভোটারদের সঙ্গে তর্কে জড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, তিনি এক দোকানির কাছে শাপলা কলি প্রতীকে ভোট চাইছেন। এ সময় ওই দোকানি নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চান- আপনার বাসা কোথায়? নির্বাচনে বিজয়ী হলে আপনাকে আমরা কোথায় গিয়ে পাবো। এ সময় ওই দোকানির সঙ্গে তর্কে জড়ান পাটওয়ারী। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহজাহানপুর, গুলবাগ, মালিবাগ এলাকায় একটি বড় ভোটব্যাংক রয়েছে। সেগুনবাগিচা, শাহবাগ এলাকার বাসিন্দাদের মধ্যে বেশির ভাগ ভাড়াটিয়া; অনেকে সেখানকার স্থায়ী বাসিন্দা না আবার ভোটারও না। কিন্তু শাহজাহানপুর, মধুবাগ, গুলবাগ, পল্টন এলাকাতে অনেক স্থানীয় বাসিন্দা। তাই স্থানীয়রা ভোটে ফ্যাক্ট হয়ে দাঁড়াবেন। মির্জা আব্বাস শাহজাহানপুরের স্থানীয় বাসিন্দা হওয়ায় ভোটের মাঠে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এ ছাড়া, বিএনপি’র বর্ষীয়ান নেতা মির্জা আব্বাস ওই আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচন করেছেন। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দু’বার মন্ত্রিত্ব ও একবার অবিভক্ত ঢাকার মেয়রের দায়িত্ব পালন করেন। তবে একেবারে ছেড়ে দেয়ার পাত্র না জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। জামায়াতের ভোটব্যাংক কাজে লাগাতে চান তিনি। এ ছাড়া, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে অগ্রসৈনিক এই নাসীরুদ্দীন পাটওয়ারী। তরুণ প্রজন্মের কাছে তিনি এখন অনেক পরিচিত মুখ। তীর্যক কথার কারণে মির্জা আব্বাসের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজয়ী হলে ঢাকা-৮ আসনকে এমনভাবে গড়ে তুলতে চাই; যেখানে আর কোনো ভাই খুন হবে না, কোনো বোন নারী নির্যাতনের শিকার হবে না। একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে চাই। একটি বৈষম্যহীন এবং সন্ত্রাস-দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। এ বিষয়ে মির্জা আব্বাস মানবজমিনকে বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহ্র নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমেই আমার নাম নেন। অতীতে আমি এর চেয়ে অনেক শক্ত ও কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি। কিন্তু আমরা একে-অপরের বিরুদ্ধে বিষোদ্গার করিনি। তিনি আরও বলেন, এখন সারাদিন শুধু আমার নামে বিষোদ্গার। আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে। ওরা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করে এসেছি। আবারো বলছি ওরা বাচ্চা ছেলে। আমার সন্তানের মতো। ঢাকা-৮ আসনে আরও যারা প্রার্থী রয়েছেন, তারা হলেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) এএইচএম রাফিকুজ্জামান আকন্দ, কাঁচি মার্কা; বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) এএফএম ইসমাইল চৌধুরী, মোটরগাড়ি মার্কা; বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এসএম সরওয়ার, মোমবাতি মার্কা; ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা, হাতপাখা; বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা, কাস্তে; জনতার দলের মো. গোলাম সারোয়ার, কলম মার্কায়; জাতীয় পার্টির মো. জুবের আলম খান, লাঙ্গল মার্কা; বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাসেল কবির, ছড়ি মার্কায় ভোট করছেন। এই আসনটিতে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। তার মধ্যে নারী ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন, পুরুষ ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন এবং হিজড়া ভোটার একজন।

