• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফের শাহবাগে অবস্থান বিক্ষুব্ধ ছাত্র-জনতার, ১ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৫
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫৫

ফের শাহবাগে অবস্থান বিক্ষুব্ধ ছাত্র-জনতার, ১ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
কয়েক দফায় রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর ফের শাহবাগে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এদিকে হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে কতিপয় অতিউৎসাহী পুলিশ সদস্যদের অশালীন অঙ্গভঙ্গি ও বিরূপ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এই ঘোষণা দেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের।

তিনি বলেন, ‘পুলিশের ভেতরে থাকা কিছু কুলাঙ্গারেরা আমাদের ভাই-বোনদের ওপর জুলাইয়ের মতো সাউন্ড গ্রেনেড ও হামলা করেছে। জুলাইয়ের ক্ষোভের পুরোনো আক্রোশ থেকে আমাদের ভাই-বোনদের ওপর তারা এই হামলা চালিয়েছে। কিছু পুলিশ সদস্য অশালীন অঙ্গ-ভঙ্গি ও নৃত্য করেছে। এক পুলিশ সদস্য বলেছে, ‘‘আয় হাদির লাশ নিয়ে যা’’। আমরা বলেছি, ‘‘আমার ভাইয়ের লাশ দে’’। যেহেতু লাশ তোর কাছে রয়েছে, দিয়ে দে আমার ভাইয়ের লাশ মানুষরূপী সকল হায়েনাকে আমরা চিহ্নিত করে সেই তালিকা পুলিশকে দিয়েছি। আমরা ১ ঘণ্টার সময় দিয়েছি, অবশ্যই এই কুলাঙ্গারদের বিচার করতে হবে। একটা কুলাঙ্গারকেও ছাড় দেওয়া হবে না। যদি বিচার না করা হয়, আমরা এই রাষ্ট্রের বিচার করব।’

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের সঙ্গে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদসহ জুলাই ঐক্যের বেশ কয়েকজন প্রতিনিধি সাক্ষাৎ করেন।