• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকারের অভিযোগ হান্নান মাসউদের স্ত্রীর

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩২

কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকারের অভিযোগ হান্নান মাসউদের স্ত্রীর

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ফাইল ছবি
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ১১-দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, কেন্দ্র পরিদর্শন শেষে নিজ গন্তব্যে ফেরার সময় বিএনপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

শ্যামলী সুলতানা জেদনী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপির লোকজন তাকে রড দিয়ে আঘাত করেছে, তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলেছে এবং হামলার ভিডিও ধারণ করেছে। এ ছাড়া তার গাড়িচালককেও মারধর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তোলেন তিনি।

আরও অভিযোগ করা হয়, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি রামদা ও শটগানসহ রাস্তায় অবস্থান নেন এবং হামলায় অংশ নেন। এ সময় শ্যামলী সুলতানার ব্যবহৃত মোবাইল ফোন ছাড়াও ঘটনাস্থলে ভিডিও করতে গেলে অন্য এক ব্যক্তির ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান দ্রুত জড়িতদের গ্রেফতার করে নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখার দাবি জানান।

তবে বুড়িরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজি অভিযোগ অস্বীকার করে বলেন, কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে, তবে হামলার কোনো ঘটনা ঘটেনি।

এ ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।