জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি। তিনি ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আবেদনপত্র জমা দেন এবং দ্রুত ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানান।
ঢাকা-১৪ আসনের নির্বাচনের ফলাফলের প্রক্রিয়া নিয়ে কারচুপির অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম। তিনি জানিয়েছেন, ভোট শেষ হওয়ার পর রাত চলে গেলেও প্রতিটি কেন্দ্রের ফলাফল আজ পর্যন্ত পরিষ্কার হয়নি। সানজিদা ইসলাম বলেন, আমরা জানতে চাই, কেন একটি আসনে এমন কুক্ষিগতভাবে কাজ করা হলো। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত এবং ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সকাল থেকেই কিছু কেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি। প্রশাসনের কিছু অংশের সহায়তায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাদের কর্মীদের মারধর করেছে। এছাড়া, বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ এত ধীর গতিতে হয়েছে যে, প্রত্যেক ভোটারের অভিযোগ ছিল তাদের দুই থেকে তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে।
সানজিদা ইসলাম বলেন, মধ্যদুপুরে আমাদের পোলিং এজেন্টদের আনসারের মাধ্যমে ব্যালট বইয়ে সই করানো হয়েছে। তবে প্রশ্ন হলো, কেন নির্বাচন শেষ হওয়ার আগে তাদের সই দিতে বলা হয়েছিল?
ফলাফলে দেখা গেছে, ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমাদ বিন কাসেম জয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ১১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানজিদা ইসলাম পেয়েছেন ৮৩ হাজার ৩২৩ ভোট।
নির্বাচন প্রক্রিয়া ও কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াতে বাধ্য করা এবং পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ বিষয়টি আরও তোলপাড় সৃষ্টি করেছে। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

