জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়নি।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জরুরি প্রয়োজনে বেলা তিনটার দিকে আইজিপির দপ্তরে যান স্বরাষ্ট্র সচিব। সেখানে সচিবের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি পত্রটি গ্রহণ করে পরবর্তী প্রক্রিয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সূত্র আরও জানায়, স্বরাষ্ট্র সচিব আইজিপিকে সংসদ সদস্যদের শপথ গ্রহণ পর্যন্ত দায়িত্বে থাকার বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে নতুন সরকার চাইলে আগামীকালই আইজিপির চুক্তি বাতিল হতে পারে। পুরো বিষয়টি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্র বলছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। পদত্যাগপত্র জমাদানের বিষয়ে আইজিপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।
এর আগে সকাল ১১টায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পুলিশ প্রধান উপস্থিত ছিলেন।

