জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মন্ত্রী হলে প্রশ্ন উঠবে, যে তিনি বিএনপির পক্ষে কাজ করেছে নির্বাচনে এবং প্রমাণ হবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ।
নাহিদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জনআকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এতে আইনী সংকট ও জটিলতা তৈরি করেছে।
তিনি বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশে লেখা আছে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় এলে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা। বিএনপি এখন যে ব্যাখ্যা দিচ্ছে তা গ্রহণযোগ্য নয় এবং আমরা তাদের (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানাই।
এরইমধ্যে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
সকালে শপথ গ্রহণের আগে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেবেন, সেটা বিধান করতে হবে।
সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলবো। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানাচ্ছেন বলেও জানান সালাহউদ্দিন।

