• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৯
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৯

নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীতে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির পণ্যের মান ও বিতরণ প্রক্রিয়া সরেজমিনে দেখে তিনি এ তথ্য জানিয়েছেন।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী বলেন, টিসিবির সেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে আগামীতে নাগরিক সমাজকে আরও বেশি সম্পৃক্ত করা হবে। টিসিবি পণ্য সরবরাহ কেবল একটি বিতরণ প্রক্রিয়া নয়, এটি একটি জরুরি সেবা। এই সেবা যেন জনআকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হয় এবং সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই পণ্য পায়, আমরা সেটি নিশ্চিত করব। স্বচ্ছতা রক্ষায় প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করে দেওয়া হবে। তারা তদারকি করবেন যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।

মন্ত্রী জানান, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির যে বিশেষ উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে। আগামী ১২ মার্চ পর্যন্ত দেশব্যাপী এই ভ্রাম্যমাণ ট্রাকসেল অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি নাসিম হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বর্তমানে ঢাকার ৫০টি, চট্টগ্রামের ২০টি এবং সিলেটসহ সাতটি বিভাগীয় এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। অবশিষ্ট ৫৫টি জেলায় পাঁচটি করে ট্রাক এই কার্যক্রমে নিয়োজিত রয়েছে।