• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করবে, একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৭
আপডেট: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৭

বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করবে, একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করবে, একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সব বিষয় সম্মানজনকভাবে সমাধান করবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিকভাবে সুবিধাজনক সম্পর্ক গড়ে তুলতে চায় এবং সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে অংশীদারিত্ব জোরদার করতে চায়। একই সঙ্গে জাতীয় সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি দৃঢ়ভাবে অনুসরণ করবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে পরামর্শ শুরু করেছে যাতে দেশের পররাষ্ট্রনীতির রূপরেখা সম্পর্কে তাদের অবহিত করা যায়।

তিনি বলেন, আমাদের মূলনীতি হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। সর্বাগ্রে থাকবে বাংলাদেশ। আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না এবং আমাদের নীতি হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ভিত্তিতে।

তিনি জানান, ইতোমধ্যে সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

ড. রহমান বলেন, রাষ্ট্রদূতরা নতুন সরকারের প্রতি গভীর আস্থা প্রকাশ এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় ইচ্ছা ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ আঞ্চলিক দেশগুলোর পাশাপাশি বিশ্বের অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সক্ষম হবে।

মন্ত্রী বলেন, এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলো ছিল আন্তরিক ও গঠনমূলক। নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা পরবর্তীতে হবে, যা একটি গতিশীল পররাষ্ট্রনীতি বাস্তবায়নের অংশ।