• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কোনো দলাদলি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: আখতার হোসেন

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫০
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৫০

কোনো দলাদলি নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই: আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সংগৃহীত ছবি

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, কোনো দলাদলি নয়; উন্নয়নের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। উন্নয়ন ও জনকল্যাণের ক্ষেত্রে কোনো বিভাজন নয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কাউনিয়া উপজেলা পরিষদের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, দায়িত্ব পালনে নানা চ্যালেঞ্জ থাকলেও জনগণের সহযোগিতা থাকলে সেসব বাধা অতিক্রম করা সম্ভব। গ্রামের সাধারণ মানুষ সরকারি অফিসে এসে অনেক সময় ভীতি ও সংকোচে ভোগেন। নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন। এ অবস্থায় কর্মকর্তাদের আরও সহিষ্ণু ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

জনগণের সেবা প্রদানই সরকারি চাকরির মূল উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তাই মানুষের সমস্যা দ্রুত সমাধানে আন্তরিক হতে হবে। প্রতিটি সরকারি দপ্তরে সেবা প্রার্থীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। আগে আসা ব্যক্তি আগে সেবা—এই নীতিতে কাজ করতে হবে এবং জরুরি বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা রাখতে হবে।

সভায় তিনি জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের আত্মত্যাগের ফলে দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকর্মীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন তিনি।

পরে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের মাঝে রমজান উপলক্ষে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে গণ-ইফতার পার্টিতে যোগ দেন।