• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: ডাকসু ভিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৩১

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার ঘৃণ্য অপচেষ্টা চলছে: ডাকসু ভিপি

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনকে ব্যর্থ করে দিতে একটি গোষ্ঠী নানামুখী অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তিনি দাবি করেন, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার একটি ঘৃণ্য অপচেষ্টা চলছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, গভীর উদ্বেগের সঙ্গে তিনি লক্ষ্য করছেন যে একটি গোষ্ঠী জুলাইকে ব্যর্থ করার উদ্দেশ্যে বহুমুখী তৎপরতা চালাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, পতিত ফ্যাসিবাদের ফ্রেমিংয়ে জুলাই বিপ্লবকে অপরাধ হিসেবে তুলে ধরার ঘৃণ্য চেষ্টা চলছে। বিশেষ করে গণভোট ও জুলাই সনদকে বিতর্কিত করা এবং আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা ও ‘কনসেন্ট’ তৈরির যে প্রচেষ্টা চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক বার্তা বহন করে।

ডাকসু ভিপি আরও বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী পারপাস সার্ভের যে তৎপরতা চলছে, তা নিয়েও নানা দাবি সামনে আসছে। কিছু গণমাধ্যমে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার কথাও বলা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি সতর্ক করে বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় বা আইনি জটিলতার মাধ্যমে বিপ্লবীদের হয়রানির কোনো ষড়যন্ত্র সফল হয়, তবে সম্মুখসারির ছাত্রনেতাদের পাশাপাশি জামায়াত, বিএনপি, এনসিপির শীর্ষ নেতাসহ আওয়ামী লীগবিরোধী সব শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে। এমনকি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামি হয়ে যেতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আবু সাদিক কায়েম বলেন, জুলাই আন্দোলনকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে জাতীয় জীবনে বাস্তবায়নে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।