• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গণমাধ্যম শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হবে না: তথ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩২
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩২

গণমাধ্যম শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হবে না: তথ্যমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকদের বাধাহীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে সজন স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী সাংবাদিকতায় মনোযোগী হবেন এবং সত্য উদঘাটনে সাহসী ভূমিকা রাখবেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ শক্তিশালী না হলে গণতন্ত্রও শক্তিশালী হবে না। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। তাদের কলম থামিয়ে দিয়ে উন্নয়ন টেকসই করা যায় না।

তিনি বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করতে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে। এ লক্ষ্যে সংবাদমাধ্যম মালিকদের সঙ্গে বৈঠকের কথাও জানান তিনি। ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে পেশাগত নিরাপত্তা নিশ্চিত হয় না। সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

সাংবাদিকতার মানোন্নয়নে প্রশিক্ষণ, নীতিমালা প্রণয়ন এবং পেশাগত জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, সাংবাদিক কে হবেন এবং কী যোগ্যতায় সাংবাদিকতা করবেন সেই সংজ্ঞা নির্ধারণে সাংবাদিক সমাজের মতামতই প্রাধান্য পাবে। গণমাধ্যম নিজের জবাবদিহিতা নিজেই নিশ্চিত করবে, আর রাষ্ট্র নিশ্চিত করবে স্বাধীনতা। আমরা সমালোচনাকে ভয় পাই না গঠনমূলক সমালোচনা আমাদের পথ দেখায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাব-এর সভাপতি আমিনুল ইসলাম খসরু। উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।