আন্তর্জাতিক ডেস্ক
সংগৃহীত ছবি
দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আকস্মিক এই হামলা চালানো হয় বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার ব্যাপ্তি ও লক্ষ্যবস্তুর ধরন থেকে এটি পরিকল্পিত ও সমন্বিত আক্রমণ ছিল বলে ধারণা করা হচ্ছে।
স্যাটেলাইট থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, খামেনির প্রাসাদ সম্পূর্ণভাবে ধসে পড়েছে। স্থাপনাটির চারপাশ কালো হয়ে রয়েছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দেয়। বিস্ফোরণের তীব্রতায় ভবনটির কাঠামো ভেঙে পড়েছে বলে ছবিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে।
এদিকে ইরানের হোরমোজগান প্রদেশের মিনাব এলাকায় মেয়েদের একটি স্কুলেও বিমান হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হামলায় অন্তত ৪০ শিক্ষার্থী নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মিনাবের ওই স্কুলে চালানো হামলায় ৪০ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুরুতে পাঁচজন নিহত হওয়ার তথ্য প্রকাশ করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে বলে জানানো হয়।
এই হামলাগুলোকে কেন্দ্র করে ইরানে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক মহলেও ঘটনাগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
সূত্র: আলজাজিরা

