• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৪৭
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৭:৪৭

ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়ে বাংলাদেশের চিঠি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতির মধ্যে জ্বালানি সহায়তার জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণয় ভার্মা এবং এ তথ্য নিশ্চিত করেন।

ভারতের হাইকমিশনার জানান, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সহায়তার জন্য আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”

তিনি আরও বলেন, “বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সংযোগ রয়েছে। এটি আমাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইন সক্রিয় রয়েছে। এই সহযোগিতা আরও শক্তিশালী করার উপায় নিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

প্রণয় ভার্মা উল্লেখ করেন, ভবিষ্যতে এই বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা কিভাবে আরও সম্প্রসারিত করা যেতে পারে, সেটিও বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, চিঠিতে উল্লেখিত সহায়তা বিষয়টি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পর্যালোচনা করবে এবং সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।