• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:১৪
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৬:১৪

লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণ মন্ত্রী দুলু

লালমনিরহাট প্রতিনিধি
ছবি: সংগৃহীত

দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ​লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে কৃষিকাজের উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে ‘বড়ুয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
‎
‎বুধবার (১৮ মার্চ) সকালে কুলাঘাট ইউনিয়নের বড়ুয়ার খালে এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
‎
‎​দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং গ্রামীণ জনপদে জলাবদ্ধতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পাবে।
‎
‎​তিনি আরও জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয়ের বিএডিসি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে।
‎
‎এসময় স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন পর এই খালটি পুনঃখনন হওয়ায় হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে।
‎
‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
‎
‎এর আগে সকালে লালমনিরহাটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। লালমনিরহাট সরকারি হাই স্কুল মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎​পৌর এলাকার মোট ৪ হাজার ৬ শ ২৫ জন কার্ডধারীর প্রত্যেককে বিনামূল্যে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।