জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মানুষ আজ নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে ঈদ উদযাপন করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (২১ মার্চ) জাতীয় মসজিদ জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার সময় এ কথা বলেন মেয়র।
জমিয়াতুল ফালাহ মসজিদে নামাজ আদায় করেছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা।
এবছর মানুষ মুক্ত পরিবেশে ঈদ করছে জানিয়ে মেয়র বলেন, ‘দীর্ঘদিন পর জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে। নির্বাচিত সরকার থাকায় আমরা দেখতে পেয়েছি, সবাই মিলে ঈদ করছেন। নির্ভিঘ্নে এবং নিশ্চিন্তে তারা আজকে ঈদ করছেন। ঈদের এই পবিত্র আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড চালুসহ নানা জনমুখী উদ্যোগ নিয়েছে। ইনশাল্লাহ বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে।’
তিনি বলেন, ঈদ আমাদের জন্য শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। আসুন, আমরা সকলে মিলে চট্টগ্রামকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করি।
নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, আপনারাই আমাদের শক্তি। নগরবাসীর সহযোগিতায় আমরা একটি উন্নত, আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারব। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা।

