জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় যেকোনো সময় দেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রবিবার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানায়, সারাদেশের পেট্রলপাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ, কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ব্যবহারকারীরা।
এছাড়াও দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারাদেশের পেট্রলপাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে।

